অবিশ্বাস্য কাণ্ড, এক ম্যাচে গোলকিপারের দুই গোল
বাংলাপ্রেস ডেস্ক: ডিফেন্ডার হয়েও জোরালো ফ্রি-কিক আর নিখুঁত পেনাল্টি শটে প্রতিপক্ষের জালে বল জড়াতে সিদ্ধহস্ত ছিলেন বাবা রোনাল্ড কোমান। তবে কিংবদন্তি ডাচ ফুটবলার ও বার্সেলোনা সাবেক কোচের ছেলে রোনাল্ড কোমান জুনিয়র যেন এক ধাপ এগিয়ে নতুন ইতিহাস লিখলেন! গ্লাভস হাতে পোস্ট সামলানোই যাঁর মূল কাজ, সেই গোলরক্ষক হয়েও পেনাল্টি থেকে জোড়া গোল করে দলকে অবিশ্বাস্য এক হারের মুখ থেকে বাঁচিয়েছেন তিনি।
ডাচ লিগে রুদ্ধশ্বাস এক ম্যাচে কামবুরের বিপক্ষে কোমান জুনিয়রের এই বীরত্বগাথায় ২-২ গোলে ড্র করেছে তার দল টেলস্টার। আর এর মধ্য দিয়েই ডাচ ফুটবলের ইতিহাস তো বটেই, বিশ্বফুটবলেও এক বিরল ও অনন্য কীর্তির পাতায় নাম লেখালেন ৩১ বছর বয়সী এই ডাচ গোলকিপার।
নিজেদের চেনা আঙিনায় ম্যাচের শুরুতেই চড়া খেসারত দিতে হয় টেলস্টারকে। ২২তম মিনিটে দলের ফরোয়ার্ড নকভি থেইর থোরিসন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকেরা।
এর পরও ১০ জন নিয়ে প্রথমার্ধজুড়ে প্রতিপক্ষ কামবুরকে গোলবঞ্চিত রেখে দেয় টেলস্টারের রক্ষণভাগ ও পোস্টের নিচে থাকা কোমান জুনিয়রের দেওয়াল।
তবে বিরতির পর ধাক্কা খায় টেলস্টার। দ্বিতীয় সেগমেন্টের শুরুতেই মাত্র সাত মিনিটের ব্যবধানে পর পর দুই গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কামবুর। একজন কম নিয়ে দুই গোলে পিছিয়ে পড়ে টেলস্টারের জন্য ম্যাচ বাঁচানো তখন দিবাস্বপ্নই মনে হচ্ছিল।
ঠিক তখনই দেবদূত হয়ে আসেন পোস্টম্যান কোমান জুনিয়র। ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান ২-১ করেন তিনি। আর রোমাঞ্চের শেষ অঙ্কটা তোলা ছিল ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তের জন্য। যোগ করা সময়ের ১১তম মিনিটে (৯১+১১ মিনিট) আবারও পেনাল্টি পায় টেলস্টার। পুরো গ্যালারির শ্বাসরুদ্ধকর মুহূর্তে সেই পেনাল্টিতেও বল জালে জড়িয়ে ২-২ সমতায় মাঠ ছাড়েন এই গোলরক্ষক।
ডাচ লিগের ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে এক ম্যাচে একাধিক গোল করার অবিস্মরণীয় রেকর্ড গড়লেন কোমান জুনিয়র।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি