পদত্যাগের সিদ্ধান্ত জানালেন নায়ক জয় চৌধুরী
বাংলাপ্রেস ডেস্ক: চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় তিনি নিজেই এই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
ভারাক্রান্ত হৃদয়ে পাঠানো ওই বার্তায় জয় চৌধুরী জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেবেন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং নিজের ব্যক্তিগত অবস্থান নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা মতবিনিময় করার কথাও জানিয়েছেন তিনি।
এর আগে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রোববার (১৫ নভেম্বর) বিকালে এফডিসি গেটে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও কর্মচারীরা এতে অংশ নিলেও, সেখানে দেখা মেলেনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ বেশকয়েকজন সদস্যকে। আর তাতেই বাধে বিপত্তি।
মানববন্ধন শেষে ক্ষুব্ধ হয়ে শিল্পী সমিতির চত্বরে যান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। এ সময় জয় চৌধুরীর মুখোমুখি হলে দুজনের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়।
জয় চৌধুরীর উপর প্রকাশ্যেই চটে যান হেলাল খান। পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলেও হেলাল খানের মেজাজ যেন আরও চড়ে যায়। শিল্পী সমিতির সামনে বসা লোকজনকে উদ্দেশ্য করে তিনি বলে ওঠেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট।’ এরপর জয় চৌধুরীকে লক্ষ্য করে বলেন, ‘চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
হেলাল খানের এমন ক্ষোভের কারণ ব্যাখ্যা করে পরবর্তীতে জয় চৌধুরী জানান, ঘটনার সময় শিল্পী সমিতির সামনে মূলত অভিনেতা ডি এ তায়েবের কিছু ভক্ত বসে ছিলেন। জন্মদিনের কেক কাটতে আসা সেই ভক্তরা তায়েব ভাইয়ের আসতে দেরি হওয়ায় সেখানে অপেক্ষা করছিলেন।
জয়ের ভাষ্যমতে, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ, আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে আমাদের যেতে একটু দেরি হয়েছিল। অথচ তায়েব ভাই নিজেও জানতেন না যে ওই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছে। মূলত ভুল বোঝাবুঝির কারণেই হেলাল ভাই এমন ক্ষোভ প্রকাশ করেছেন।’
চলচ্চিত্রের অন্দরের এই মতবিরোধ ও উত্তেজনার মধ্যেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন জয় চৌধুরী।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে ইঙ্গিত করে অপু বিশ্বাসের মন্তব্য
সঙ্গীত একাডেমি