রেকর্ড রানও যথেষ্ট হলো না, ভারতের কাছে ৫ উইকেটে হার বাংলাদেশের মেয়েদের
ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা || আইসিসি
বাংলাপ্রেস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ইতিহাস গড়েও জয় তুলে নিতে পারল না বাংলাদেশ। টুর্নামেন্টে আগে ব্যাট করে নিজেদের সর্বোচ্চ স্কোর গড়লেও সেই পুঁজি ধরে রাখতে ব্যর্থ হয়েছেন নিগার সুলতানারা। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ১৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে ব্যাট করে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
শুরুর ধাক্কা সামলেও ইনিংস গড়ে তোলেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে তাদের ৫১ রানের জুটি বড় সংগ্রহের ভিত্তি তৈরি করে। জুয়াইরিয়া ৩১ বলে ৩৩ এবং সোবহানা ২৬ বলে ২২ রান করেন।
অধিনায়ক নিগার সুলতানাও দায়িত্বশীল ব্যাটিং করেন। তিনি ২৭ বলে ৩২ রান যোগ করেন। ইনিংসের শেষ দিকে স্বর্ণা আক্তার ১০ বলে ১৩ এবং রিতু মনি ৪ বলে ৮ রানের কার্যকর ক্যামিও খেলেন।
রানের গতি বাড়াতে গিয়ে একটি বিরল সিদ্ধান্তও নেয় বাংলাদেশ। শারমিন আক্তার ১২ বলে ১০ রান করার পর রিটায়ার্ড আউট হন। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম রিটায়ার্ড আউটের ঘটনা।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জীবন পান ভারতের ওপেনার শেফালি বর্মা। প্রথম ওভারেই তাঁর ক্যাচ ছাড়েন উইকেটকিপার নিগার সুলতানা। সেই সুযোগ কাজে লাগিয়ে শেফালি ৩৪ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন এবং ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেন।
যষ্টিকা ভাটিয়া ১৮ বলে ২৩ ও জেমিমা রদ্রিগেজ ১৫ বলে অপরাজিত ২৬ রান করলে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রিতু মনি। তিনি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২টি উইকেট নেন।
চার ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় পরাজয়। ফলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৮ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিগার সুলতানার দল।
বিপি/এসআর
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি