২৭ নভেম্বর ২০২৬

রিয়ালের সব খেলোয়াড়কে পছন্দের বিএমডব্লিউ উপহার, দাম কত?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
রিয়ালের সব খেলোয়াড়কে পছন্দের বিএমডব্লিউ উপহার, দাম কত?

বাংলাপ্রেস ডেস্ক:  ফুটবল মাঠে খেলোয়াড়েরা বিভিন্ন পজিশনে খেলেন। মাঠের বাইরেও সেটি ব্যতিক্রম নয়। ভিনিসিয়ুস জুনিয়ারের পছন্দ এক গাড়ি, কিলিয়ান এমবাপ্পের আরেকটি। জুড বেলিংহামসহ ১৫ জনের পছন্দ আবার একই মডেল। ২০২৬-২৭ মৌসুমের মাঝপথে রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের হাতে নতুন গাড়ির চাবি তুলে দিয়েছে জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। গতকাল (২৬ নভেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত অনুষ্ঠানে গাড়িগুলো হস্তান্তর করা হয়। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে বিএমডব্লিউর অংশীদারত্বের এটি পঞ্চম মৌসুম।

বিএমডব্লিউ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিলাসবহুল গাড়ি ও মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি। ২০২২ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি হয়। এর আগে ক্লাবটির গাড়ির সরবরাহকারী ছিল অডি।

নতুন চুক্তির আওতায় পুরুষ ও নারী ফুটবল দলের পাশাপাশি ক্লাবের বাস্কেটবল দলের সদস্য এবং কর্মকর্তারাও বিএমডব্লিউ গাড়ি ব্যবহারের সুযোগ পান।

Car

স্পোর্ট বাইবেলের তথ্য অনুযায়ী, এবারের গাড়িগুলোর সম্মিলিত আনুমানিক মূল্য ৩৬ লাখ ৬৩ হাজার ২১৭ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ কোটি টাকা। 

সবচেয়ে বেশি খেলোয়াড়ের পছন্দ বিএমডব্লিউ এক্সএম লেবেল। এই প্লাগ-ইন হাইব্রিড গাড়িতে রয়েছে ভি৮ পেট্রল ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটর। দুই প্রযুক্তির সমন্বয়ে গাড়িটি সর্বোচ্চ ৭৪৮ অশ্বক্ষমতা উৎপন্ন করতে পারে।

বেলিংহাম, থিবো কোর্তোয়া, ব্রাহিম দিয়াজ, ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডসহ মোট ১৫ জন বেছে নিয়েছেন এই মডেল।

কার পছন্দ কোন গাড়ি

বিএমডব্লিউর প্রকাশিত তালিকা অনুযায়ী, খেলোয়াড়দের গাড়ির মডেলগুলো হলো—

বিএমডব্লিউ এক্সএম লেবেল: ডেনজেল ডামফ্রিস, আসেনসিও, আলভারো কারেরাস, রদ্রিগো, বের্নার্দো সিলভা, ব্রাহিম দিয়াজ, জুড বেলিংহাম, ডিন হুইসেন, থিবো কোর্তোয়া, ইব্রাহিমা কোনাতে, ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, অরেলিয়েঁ চুয়ামেনি, আর্দা গুলের, ফেরলাঁ মেন্দি ও আন্তোনিও রুডিগার।

বিএমডব্লিউ এম৫ সেডান: এদের মিলিতাও ও আন্দ্রি লুনিন।

বিএমডব্লিউ এক্স৭ এম৬০আই এক্সড্রাইভ: মার্ক কুকুরেয়া।

বিএমডব্লিউ আই৭ ৬০ এক্সড্রাইভ: ভিনিসিয়ুস জুনিয়র, কার্লোস এসপি ও এনিদ্রিক।

বিএমডব্লিউ আইএক্স এক্সড্রাইভ৬০: জোসে মরিনহো ও এদুয়ার্দো কামাভিঙ্গা।

বিএমডব্লিউ আইএক্স৩ ৫০ এক্সড্রাইভ: কিলিয়ান এমবাপ্পে, থিয়াগো পিতার্চ ও ইয়ান দিওমান্দে।

বিএমডব্লিউ আইএক্স২ এক্সড্রাইভ৩০: ফেদেরিকো ভালভের্দে।

বিএমডব্লিউ স্পেন ও পর্তুগালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানুয়েল তেরোবা রিয়ালের সঙ্গে অংশীদারত্ব নিয়ে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ শুধু বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া ক্লাবই নয়, এটি এমন একটি সংগঠন, যা প্রতিনিয়ত নিজেদের উন্নত করছে। নিজেদের কর্মকাণ্ডে চাহিদা, প্রতিভা, গুণগত মান ও নেতৃত্বের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনে কাজ করে যাচ্ছে।’

তেরোবা আরো বলেন, ‘টেকসই উন্নয়ন, সংহতি, বৈচিত্র্য ও জয়ের মানসিকতার প্রতিও ক্লাবটির দৃঢ় অঙ্গীকার রয়েছে। বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ক্লাবটিকে আদর্শ অংশীদার করে তুলেছে এসব বৈশিষ্ট্য।’

লা লিগার এবারের মৌসুমে পয়েন্ট তালিকার দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে একমাত্র দল হিসেবে প্রথম পাঁচ ম্যাচের সবকটি জিতে শীর্ষে আছে। 
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি