রুবেলের অবসরে তামিম যা বললেন
বাংলাপ্রেস ডেস্ক: বিগত চার বছর ধরে জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা যায়নি টাইগার পেসার রুবেল হোসেনকে। বুধবার (১৫ এপ্রিল) হঠাৎ করেই নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রুবেলের সাবেক সতীর্থ ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজেও একটি পোস্ট দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে রুবেল লিখেছিলেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’
তার এই স্ট্যাটাসের পরই দেশের ক্রিকেটপ্রেমীদের সেই পোস্টের কমেন্টে স্মৃতিচারণ করতে দেখা যায়। বাংলাদেশের অনেক জয়ের নায়ক ছিলেন রুবেল, ডেথ ওভারে সময়ের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি।
তামিম নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাঠে ও মাঠের বাইরে—অগণিত স্মৃতি জমে আছে তোমার সঙ্গে। এই যাত্রাটা তোমার সঙ্গে ভাগ করে নিতে পারা সত্যিই গর্বের। বাংলাদেশ ক্রিকেটের জন্য যা কিছু দিয়েছ, তার জন্য আন্তরিক ধন্যবাদ। এক অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রুবেল।’
এছাড়াও জাতীয় দলের একাধিক ক্রিকেটার রুবেলের সঙ্গে নিজেদের স্মৃতিচারণ করে ছবিসহ পোস্ট দিয়েছেন। ২০১৫ বিশ্বকাপের ঐতিহাসিক ইংল্যান্ড বধের ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘এই দিনটি সকল বাংলাদেশির স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে। আগামীর দিনগুলোর জন্য রইল শুভকামনা রুবেল।’ রুবেল প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘অনেক ধন্যবাদ মুশফিক ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে।’
এনামুল হক বিজয় লিখেছেন, ‘আপনার ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচজয়ী বোলিংটা হয়ত সবাই মনে রাখবে। কিন্তু আমার কাছে রুবেল হোসেন মানেই অসাধারণ কিছু মুহূর্ত, দারুণ সব স্পেল, আর দেশের জন্য জেতানো অনেকগুলো স্মরণীয় ম্যাচ। আপনার সেই হাত তুলে দৌড় এটা শুধু একটা উদযাপন না, এটা ছিল অনুভূতি, একটা গর্ব… যা আমি সবসময় মিস করব। আপনার জীবনের পরবর্তী অধ্যায় আরও সুন্দর, শান্তিময় আর সফল হোক এই দোয়া রইল।’
মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘জাতীয় দলে তোমার অবদানের জন্য ধন্যবাদ এবং তোমার অর্জন ও অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অনেক অভিনন্দন রুবেল হোসেন। তোমার ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টার জন্য শুভকামনা রইল।’
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘আনন্দময় অনেক সময় কেটেছে তোর সঙ্গে। অ্যাডিলেডে তোর সেই দুটি ডেলিভারি যেমন গোটা দেশকে ভাসিয়েছিল উচ্ছ্বাসের জোয়ারে, তেমনি আরো নানা সময়ে তোর হাত ধরে এসেছে দেশের ক্রিকেটের কিছু স্মরণীয় কিছু সাফল্য। তোর সঙ্গে মাঠের ভেতরে ও বাইরে কত স্মৃতি! আশা করি, তোর জীবনের নতুন অধ্যায় আরো সুন্দর হবে এবং নতুন আঙিনায় আরো সাফল্য তোর সঙ্গী হবে।’
শরিফুল ইসলাম লিখেছেন, ‘২০১৫ সালের বিশ্বকাপ তখন আমি ছোট ছিলাম, টিভির সামনে বসে আপনার সেই স্পেল দেখছিলাম। কী অসাধারণ। আপনার সেই পারফরম্যান্স আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে। আজ আপনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন… কিন্তু আপনি যেটা দিয়ে গেছেন, সেটা কখনো শেষ হবে না- অনুপ্রেরণা। আমার সৌভাগ্য হয়েছে আপনার সাথে একই ড্রেসিং রুম শেয়ার করার। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা।’ এছাড়া লিটন দাসও রুবেলকে রিটায়ারমেন্টের শুভেচ্ছা জানিয়েছেন। বিপি>টিডি
সূত্র: যুগান্তর
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি