১৮ জুন ২০২৬

শেষ মুহূর্তের পেনাল্টিতে স্বস্তির নিঃশ্বাস দক্ষিণ আফ্রিকার, চেকিয়ার সঙ্গে ১-১ ড্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:২১ পিএম
শেষ মুহূর্তের পেনাল্টিতে স্বস্তির নিঃশ্বাস দক্ষিণ আফ্রিকার, চেকিয়ার সঙ্গে ১-১ ড্র

বাংলাপ্রেস ডেস্ক:  ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে বাঁচা-মরার লড়াইয়ে শেষ পর্যন্ত কেউই হাসতে পারেনি। আটলান্টায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে। ফলে দুই দলেরই নকআউট পর্বে ওঠার সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেকিয়া। প্রথম মিনিটেই সহজ সুযোগ নষ্ট করেন দলটির তারকা ফরোয়ার্ড প্যাট্রিক শিক। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে আলেক্সান্দর সোইকার বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন মিখাল সাদিলেক। টুর্নামেন্টে এটিই এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম গোল।

প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকার খেলায় ছিল ছন্দহীনতা। তবুও তেবোহো মোকোয়েনা দূরপাল্লার শট নিয়ে প্রতিপক্ষকে সতর্ক করেন। আর গোলরক্ষক মাতেই কোভার একবার বল ফসকালে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি থাপেলো মাসেকো।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। আক্রমণের ধার বাড়াতে থাকে বাফানা বাফানা, আর চেকিয়া রক্ষণ সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে। ম্যাচের ৮৩তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সুযোগ। থাপেলো মাসেকোর শট বদলি খেলোয়াড় পাভেল সুলচের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে কোনো ভুল না করে বল জালে জড়ান অধিনায়ক তেবোহো মোকোয়েনা।

শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে দুই ম্যাচ শেষে উভয় দলের সংগ্রহ দাঁড়িয়েছে এক পয়েন্টে। শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার সামনে।

 

বিপি/এসআর 


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি