১ জুন ২০২৬

ভারত ম্যাচের আগে মদ্যপ অবস্থায় ধরা পড়লেন ম্যানেজার নওমী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ মে ২০২৬, ১২:১৬ পিএম
ভারত ম্যাচের আগে মদ্যপ অবস্থায় ধরা পড়লেন ম্যানেজার নওমী

বাংলাপ্রেস ডেস্ক:   শক্তিশালী ভারতকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়b হবে বাংলাদেশ নারী দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মদ খেয়ে মাতাল বাংলাদেশ দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী।

ভারতের গোয়া এখন শুধু সাফ নারী চ্যাম্পিয়নশিপের যুদ্ধক্ষেত্র নয়; এটি পরিণত হয়েছে এক জটিল সমস্যার কেন্দ্রবিন্দুতে। যেখানে মাঠের লড়াইয়ের আড়ালে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে নিয়ন্ত্রণহীন ব্যবস্থাপনা।

বাংলাদেশ নারী ফুটবল দল যখন হ্যাটট্রিক সাফ শিরোপার স্বপ্ন পূরণের জন্য মাঠে লড়ছে, তখন টিম ম্যানেজমেন্টকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দাখিল করেছে নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমীর বিরুদ্ধে। 

সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টালের পাঠানো অভিযোগপত্রে টিম হোটেলে একাধিক শৃঙ্খলাভঙ্গের বিষয় উলে­খ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হোটেল নিয়ম ভেঙে বাইরে থেকে আনা পানীয় নিয়ে প্রবেশের চেষ্টা, ব্যবস্থাপকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, মেডিকেল সুবিধা ঘিরে অশোভন আচরণ এবং জনসমক্ষে অনিয়ন্ত্রিত আচরণের অভিযোগ।

থাইল্যান্ডে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে ব্যাংকক থেকে সরাসরি গোয়ায় পৌঁছে বাংলাদেশ দল। নির্ভরযোগ্য সূত্র জানায়, ব্যাংককের ডিউটি ফ্রি দোকান থেকে কেনা দুই বোতল মদ নিয়ে গোয়ার প্ল্যানেট হলিউড বিচ রিসোর্টে চেক-ইনে প্রথমদিকে কোনো সমস্যা হয়নি। তবে পরবর্তী পর্যায়ে জটিলতা তৈরি হয়, যখন বাইরে থেকে মদ কিনে হোটেলে প্রবেশের চেষ্টা করা হয়। হোটেলের নিয়ম অনুযায়ী, বাইরের পানীয় ভেতরে প্রবেশ নিষিদ্ধ থাকায় বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, এর পরও ঘটনার ধারাবাহিকতা থেমে থাকেনি। রিসোর্টে বাংলাদেশ দলের জন্য মেডিকেল রুম বরাদ্দের দাবি তোলা হয়। হোটেল কর্তৃপক্ষ একটি কক্ষ বরাদ্দ দিলেও কয়েক ঘণ্টা পর সেই কক্ষের ডিজিটাল চাবি নিষ্ক্রিয় হয়ে গেলে ফের উত্তেজনা তৈরি হয় এবং হোটেল কর্মীদের সঙ্গে তীব্র অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ। একই সঙ্গে রিসোর্টসংলগ্ন সৈকত এলাকায় প্রকাশ্যে মদ্যপান করেছেন নওমী, যেখানে সাফের একাধিক কর্মকর্তা ও ম্যাচ কমিশনার উপস্থিত ছিলেন বলে জানা যায়।

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা খালিদ মাহমুদ দীর্ঘদিন বাফুফের মিডিয়া বিভাগে কর্মরত ছিলেন এবং পরবর্তী সময়ে নারী দলের একাধিক আন্তর্জাতিক সফরে ম্যানেজারের দায়িত্ব পান। মার্চে অস্ট্রেলিয়া সফর, থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ এবং সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ সব মিলিয়ে তার দায়িত্বকাল ধারাবাহিক হলেও আচরণ ও শৃঙ্খলা নিয়ে প্রশ্নও উঠেছে একাধিকবার। মেয়েদের ২০২২ ও ২০২৪ সালে টানা দুটি সাফজয়ী দলের মিডিয়া ম্যানেজার ছিলেন নওমী। নেপালে ঠান্ডা পড়ে বিধায় সেখানে মদ সহজলভ্য। 

সেই সুযোগে আগের দুই আসরেও বেপরোয়া চলাফেরা ছিল নওমীর। ঢাকা থেকে যাওয়ার পথে ডিউটি ফ্রি দোকান থেকে মদ কেনা এবং আসার পথেও একই ঘটনা ঘটাতেন। এছাড়া বিভিন্ন সময়ে পার্টিও থাকত সফরে। সেই পার্টিতে যোগ দিতেন অনেকেই। ফলে মাতাল অবস্থায় দলের যাবতীয় তথ্য ফাঁস করে দিতেন তিনি। ফলে ব্রিটিশ কোচ পিটার বাটলার ও ফুটবলারদের বিদ্রোহের মতো নেতিবাচক ঘটনাও ঘটেছে দেশের ফুটবলে। 

এসব অভিযোগ বাফুফের কানেও গেছে। ফলে তাকে মিডিয়া ম্যানেজার থেকে সরিয়ে দলের ম্যানেজার করা হয়। তবু পালটায়নি নওমীর উচ্ছৃঙ্খল জীবন। বরং আরও বেড়েছে। সূত্রে জানা গেছে, বিদেশ সফরে নতুন মিডিয়া ম্যানেজার সাঈদ হাসানকে সঙ্গী করেই এখন নিয়মিত পার্টি করেন তিনি। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সাফের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়া চলমান থাকবে বলে তিনি উলে­খ করেন।

বাফুফের সাবেক সভাপতি দুর্নীতিবাজ কাজী সালাউদ্দিন এবং তার দোসর ফ্যাসিস্ট মাহফুজা আক্তার কিরণের সহযোগী নওমী নারী ফুটবলের সাম্প্র্রতিক সাফল্যের আড়ালে একের পর এক অপকর্ম করেই যাচ্ছেন। গোয়ার আকাশে তাই এখন এক অদ্ভুত দ্বন্দ্ব একদিকে মাঠের জয়যাত্রা, অন্যদিকে নওমীর মদ কেলেঙ্কারির অস্থিরতা। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি