রাশমিকার অভিনয়ের প্রস্তুতিতে যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়
বাংলাপ্রেস ডেস্ক: পর্দায় কখনও প্রেমিকা, কখনও লড়াকু নারী, আবার কখনও ভিন্ন ভিন্ন জীবনের গল্প হয়ে উঠেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মন্দানা। প্রতিটি চরিত্রের জন্য নিজেকে নতুন করে তৈরি করার চেষ্টা থাকে তাঁর। তবে এবার অভিনয়ের প্রস্তুতিতে যুক্ত হচ্ছে একেবারেই নতুন এক অধ্যায়। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে তাঁকে শিখতে হচ্ছে সংগীত। তাও সাধারণ কোনো গান নয়, কর্ণাটকী শাস্ত্রীয় সংগীত। কারণ, পর্দায় এবার ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন তুলে ধরতে যাচ্ছেন এই অভিনেত্রী।
অদ্ভুত বিষয় হলো, গান গাওয়ার অভ্যাস কখনোই ছিল না রাশমিকার। এমনকি বাড়িতেও গুনগুন করে গান করেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে প্রথমে বেশ দ্বিধায় পড়ে গিয়েছিলেন। এত বড় একজন শিল্পীর জীবন, সংগীতসাধনা ও অবদান পর্দায় যথাযথভাবে ফুটিয়ে তোলা তাঁর পক্ষে সম্ভব হবে কিনা, তা নিয়েই ছিল সংশয়। তবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জটি গ্রহণ করেন তিনি।
রাশমিকার কাছে বিষয়টি কেবল একটি চরিত্রে অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। কিংবদন্তি এই শিল্পীর জীবন ও সংগীতের সঙ্গে গভীরভাবে পরিচিত হতে চান তিনি। তাই পর্দায় গায়িকার অভিব্যক্তি ফুটিয়ে তোলার পাশাপাশি কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতের তালিম নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। নতুন এই অভিজ্ঞতা নিয়ে বেশ কৌতূহলীও অভিনেত্রী।
সিনেমার নাম ‘এম এস-আ লিগ্যাসি অন স্ক্রিন’। এটি পরিচালনা করছেন গৌতম তিনানুরি। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। ছবিটি নিয়ে নির্মাতারা এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চাইছেন না। রাশমিকাও জানিয়েছেন, পুরো দলের কাছে এই প্রকল্পটি আবেগের জায়গা থেকে গুরুত্বপূর্ণ। তাই এর খুঁটিনাটি প্রকাশের ক্ষেত্রে সবাই সতর্ক।
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে এম এস সুব্বুলক্ষ্মীর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তাঁর জীবন ও সংগীত সাধনার গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাই কম নয়। সেই দায়িত্ব কাঁধে নিয়ে এবার নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন রাশমিকা। এখন দেখার বিষয়, অভিনয়ের পাশাপাশি সংগীতের কঠিন পাঠ নিয়ে কিংবদন্তি এই শিল্পীর চরিত্রে কতটা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেন তিনি।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি